ঘাটাইলে পানিবন্দী শতাধিক পরিবারে দুর্ভোগ
ঘাটাইলে পানিবন্দী নারীদের মানববন্ধন : নয়া দিগন্ত।

 খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল) 

Advertisement

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের বিকল্প না থাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। 
জানা যায়, ১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হলেও প্রায় তিন দশকেও এ এলাকায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুম শেষ হলেও এখনো বিভিন্ন এলাকায় জমে রয়েছে পচা ও দুর্গন্ধযুক্ত পানি। কোথাও খেয়া নৌকা আবার কোথাও বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা। অনেক পরিবার পানিমগ্ন ঘরে বিষাক্ত সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে।
জলাবদ্ধতার কারণে ছোট ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না। স্থবির হয়ে পড়েছে রান্নার কাজসহ দৈনন্দিন কার্যক্রম। এ ছাড়া মশার উপদ্রব বৃদ্ধিতে ডেঙ্গু ও চর্মরোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন পানি জমে থাকায় তলিয়ে রয়েছে আবাদি জমিও, ফলে সময়মতো চাষাবাদ করতে না পেরে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করলেও তারা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি এলাকাবাসী ও ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। 
ভুক্তভোগী আরিফ হোসেন জানান, স্থায়ী জলাবদ্ধতার কারণে শত শত মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূরী তাসমিন উর্মি পানিবন্দী এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।