
আহসান হাবীব শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। মাদারীপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া পদ্মার পাড়ে অস্থায়ী খাবারের দোকানপাটগুলো ভেঙে দেয়া এবং স্থানীয়দের সতর্ক করা হয়।
শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম আহমেদ বলেন, যৌথ অভিযানে প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে চাপ না দিতে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এনজিওকে চিঠি দেয়া হয়েছে। এ বছর দুই দফায় প্রায় ৬০০ জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেয়া এবং প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করার উদ্যোগও নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলছে। নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








