
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, পারিবারিক কলহ ও রহস্যজনক মৃত্যুতে এক নারী ও প্রবাসফেরত যুবকসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন। নেত্রকোনার কেন্দুয়া ও নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দু’জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পৃথক স্থান থেকে আরো দু’জনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
কুড়িগ্রাম
সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় গতকাল বুধবার মাদকাসক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তার মা পারুল বেগম। এ সময় বাধা দিতে গিয়ে মারাত্মকভাবে জখম হন বাবা সরদার আলী। তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেত্রকোনা
কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে সীমানাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধে প্রাণ হয়েছেন এক তরুণ। গত মঙ্গলবার প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হন আবির হোসেন (২০) ও তার বাবা এনামুল হক। এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আবির। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








