নোবিপ্রবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের নবীনবরণ ও পঞ্চম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিভাগ। এ বিভাগের গৌরবোজ্জ্বল অতীত ও সাফল্যের দীর্ঘ পরম্পরা রয়েছে। এ মর্যাদা ধরে রাখতে হলে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা ও কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে নোবিপ্রবি ভিসি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধু প্রচলিত চাকরির বাজারে নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে স্বপ্ন দেখতে শিখতে হবে। যে স্বপ্ন দেখতে জানে না, তার পক্ষে স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করাও সম্ভব নয়।’

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার পাশাপাশি নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।