কর্মসংস্থানের সঙ্কট, মাদক ও আইনশৃঙ্খলা খুলনার দুর্বল দিক : কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা একটি সমৃদ্ধ নগরী। এক সময় বন্দর ও শিল্পনগরী হিসেবে খুলনা দেশজুড়ে সমাদৃত ছিল। মানুষ এ শহরে এসে আর ফিরে যাননি, এখানেই স্থায়ী হয়ে থেকে গেছেন। এখন কর্মসংস্থানের সঙ্কট, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের সম্ভাবনার দুর্বল দিক হয়ে দেখা দিয়েছে। আমরা সেই হারানো খুলনাকে ফিরিয়ে আনতে চাই।
তিনি গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জার্মান সরকারের আর্থিক সহায়তায় কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) প্রোগ্রাম (ফেস-২) প্রকল্পের আওতায় কনসালট্যান্সি সংস্থা একোম্প্যানিং মেজর কনসালট্যান্ট (এএমসি) এ বৈঠকের আয়োজন করে।
খুলনার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বৈঠক আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করে কেসিসি প্রশাসক মঞ্জু বলেন, আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি। এই যাত্রা শুরুর সময়ে আমাদের করণীয় নির্ধারণের ক্ষেত্রে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুলনা অনগ্রসর থাকার একটি অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রীয় পলিসি গ্রহণের স্থানগুলোতে এখানকার নেতৃত্ব পৌঁছাতে পারে না। সে কারণে সরকারের বিশেষ সহযেগিতার প্রয়োজন পড়ে। খুলনা উন্নয়নের খাতগুলো জাতীয় সংসদে উত্থাপনের জন্য তিনি স্থানীয় এমপিদের প্রতি আহবান জানান।

Advertisement