
খুলনা ব্যুরো
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ গোলাম রসুল বাদশা নামে একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নগরীর উত্তর দেয়ানার হোসেন শাহ রোডের বাদশার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক ও একটি পত্রিকার খুলনা প্রতিনিধি এবং কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর বড় ভাই ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: মোরাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উত্তর দেয়ানার হোসেন শাহ রোডের গোলাম রসুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোলাম রসুলের শয়নকক্ষের স্টিলের আলমারিতে উক্ত গুলি ও চাকু পাওয়া যায়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার গোলাম রসুল জানিয়েছেন তার অস্ত্রের লাইসেন্স আছে, কিন্তু গুলির কোনো কাগজ দেখাতে পারেননি। গুলিগুলো ভাই গোলাম রব্বানী টিপু মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন বলে দাবি করেছেন। গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত বছরের ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি-গালের সামনের ফুটপাথে তাকে গুলি করে হত্যা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








