
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে মৃত্যু পৌনে ১২০০ ছাড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছে পাঁচজন। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩২৭ জন। এর মধ্যে এক হাজার ১৯৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৬ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ৭৩ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ আট হাজার ৫৭০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২২ হাজার ৮৪০ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪১০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৫৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৪, চট্টগ্রামে ১০৬, বরিশালে ৮২, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেটে মৃত্যুহীন দিন
সিলেট ব্যুরো জানায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যুহীন কাটলেও এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১২৩ জন। এ দিকে নতুন করে কারো হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৯ জন।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








