নোয়াখালীতে অনাবৃষ্টি ও লবণাক্ততায় আমন ধানের ব্যাপক ক্ষতি
উপকূলীয় এলাকায় ভুক্তভোগী কৃৃষকরা ঝলসে যাওয়া রোপা আমন ধান ঘুরে দেখছেন । নয়া দিগন্ত

নোয়াখালীতে ভরা মৌসুমে অনাবৃষ্টি ও লবণাক্ততার প্রভাবে বিভিন্ন উপজেলার উপকূলীয় এলাকায় রোপা আমন ধান ঝলসে গেছে। এতে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া, জমিতে লবণাক্ততার প্রভাব বেড়ে যাওয়া এবং সার সঙ্কটের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, জেলার উপকূলীয় এলাকার চরাঞ্চলের আমন ধানের গাছ আগুনে পোড়ার মতো শুকিয়ে গেছে। কোথাও কোথাও জমির মাটি ফেটে চৌচির হয়ে আছে। জেলা সদরের নোয়াখালী ও ধর্মপুর ইউনিয়ন এবং সুবর্ণচরের চরওয়াপদা, চরজব্বার, চরবাটা ও আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। একই পরিস্থিতি বিরাজ করছে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলাতে।

সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা গ্রামের কয়েকজন কৃষক জানান, এ বছর কেউ পাঁচ একর, আবার কেউ সাত একর জমিতে রোপা আমনের আবাদ করেছেন। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টিপাত না হওয়ায় জমিতে পানির সঙ্কট দেখা দিয়েছে। এর সাথে লবণাক্ততা ও সার সঙ্কট যুক্ত হয়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যেই সব জমিতে কিছু ধান টিকে আছে, সেখানেও আশানুরূপ ফলনের সম্ভাবনা নেই।

কৃষকরা জানান, গত জুলাই মাসে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে আমন ধানের আবাদ করতে পারেননি তারা। পরে ধানগাছে শীষ আসার সময় বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ায় জমিতে পানির তীব্র সংকট দেখা দেয়। এতে ধানের গাছ শুকিয়ে যাচ্ছে এবং জমির মাটি ফেটে যাচ্ছে। কিছু জমিতে ধানের গাছ দেখতে ভালো মনে হলেও কাঙ্ক্ষিত ফলন হচ্ছে না।

কয়েকজন কৃষক সেচের মাধ্যমে জমির ফসল কিছুটা রক্ষা করতে পেরেছেন। তবে পর্যাপ্ত পানির অভাবে অনেক জমির ধান রক্ষা করা সম্ভব হয়নি। আশপাশের খাল ও পুকুরেও সেচ দেওয়ার মতো পানি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর জানান, চলতি বছর জেলায় এক লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ পরিমাণ জমি থেকে চার লাখ ৬৭ হাজার ৯৫০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে অনাবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কী পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঠিক হিসাব এখনো নির্ধারণ করা হয়নি।

উপপরিচালক আশীষ কুমার কর জানান, ভবিষ্যতে কৃষকদের পানির সঙ্কট থেকে রক্ষা করতে পানির প্রাকৃতিক উৎস বাড়ানো এবং লবণসহিষ্ণু ধানের জাত চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

নোয়াখালী অঞ্চল সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ হা মো: আমীর ফয়সল বলেন, উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন এবং স্বল্প জীবনকালসম্পন্ন ও লবণসহিষ্ণু ধানের জাত নির্বাচন জরুরি হয়ে উঠেছে।