
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুরোগীদের মৃত্যু তালিকায় যোগ হলো আরো চারজন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯২০ জন। গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ৩২১ জনের। অপর দিকে চলতি মাসের গত ১৩ দিন ১২ ঘণ্টায় (গতকাল সকাল পর্যন্ত) ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৬৯৬ জন। দৈনিক গড়ে প্রায় এক হাজার ৯০৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালেই ভর্তি হয়েছে। এর বাইরে আরো অনেক রোগী রয়েছে যারা স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট হাসপাতালে ভর্তি হয় না, ফলে তাদের তথ্যও সরকারি তথ্যে জমা হয় না।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে দু’জন। বাকি তিনজনের মধ্যে একজন করে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের হাসপাতালে মারা গেছে। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের তিনজন পুরুষ এবং দু’জন নারী। চলতি বছর গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৯ হাজার ২০১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখনো হাসপাতালে আছেন ছয় হাজার ১১৫ জন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন। একই সময়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮২৪ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৪১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৭০ এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৩ জন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ২১৫ জন ভর্তি হয়েছিল, খুলনা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭০ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন। সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১৭ জন।
সারা দেশে ডেঙ্গুতে যে ৩২১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৮৮ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩৮ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ৬৫ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন। চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু
বগুড়া অফিস জানান, বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-ই- মোর্শেদ। নিহত আনন্দ মণ্ডলের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
জানা গেছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে তিন দিন আগে আনন্দ মণ্ডল শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩০৫ জনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








