
নয়া দিগন্ত ডেস্ক
নরসিংদী থেকে শ্রীমঙ্গলে বেড়াতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কেই প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। এ ছাড়া খুলনার ডুমুরিয়া ও পাবনার চাটমোহরে পৃথক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও নারী নিহত হয়েছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, বন্ধুর বাড়ি শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নরসিংদীর দু’জন নিহত হয়েছেন। তারা হলেন- নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার মৃত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) ও শিববাগ মহল্লার বাসিন্দা পুবাইল আদর্শ বিশ^বিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)। তারা গতকাল সকালে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া স্থানে পৌঁছলে ট্রাকের ধাক্কায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই অনুপ এবং হাসপাতালে নেয়ার পথে আনোয়ারুল আজীম মারা যান।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম।
খুলনায় ব্যবসায়ী নিহত
খুলনা ব্যুরো জানায়, খুলনায় বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মিলন কুমার উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা গ্রামের উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে, পেশায় স্বর্ণ ও নার্সারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানান, গতকাল সকাল ৬টার দিকে মিলন কুমার ভদ্র মোটরসাইকেলে খুলনার উদ্দেশে রওনা দেন। গুটুদিয়ায় খুলনা-সাতক্ষীরার মহাসড়কের একপাশে সংস্কারকাজ চলমান থাকায় তিনি বিপরীত পাশ দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহরে নারী নিহত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত হাসিনা খাতুন পাশের ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
চাটমোহর থানার ওসি মো: অলিউর রহমান জানান, বুধবার দুপুরে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় অটোরিকশায় থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া এ ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ ও মো: মিনাজ উদ্দিনকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








