বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এ ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি


চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কেপিএসটি বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ (বপজা ইজেড-১) দ্বিতীয় উৎপাদন কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৭.০১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড নামের নতুন প্রকল্পটি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রতি প্রতিষ্ঠানটির অব্যাহত আস্থা এবং বেপজার বিনিয়োগবান্ধব সেবা ও সহযোগিতার প্রতিফলন।
এ লক্ষ্যে গতকাল বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই কারখানায় ফুটওয়্যার এক্সেসরিজ, ব্যাগ ও লাগেজ কমপোনেন্টস, পেপার প্রোডাক্টস অ্যান্ড প্রিন্টেড ম্যাটেরিয়েলসসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্য তৈরি করা হবে, যেখানে প্রায় ২০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক ঝ্যাং ইউগিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন; নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো: মোহসীন হাসান, বিএসপি, পিএসসি; নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement