বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সিভাসুতে বিভিন্ন আয়োজন


বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য হলো ‘Innovate today. Nourish tomorrow.’ বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, খাদ্য প্রদর্শনী, ফুড অলিম্পিয়াড, ই-পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনাসভা।  সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। এরপর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ভবনের সামনে কেক কাটা হয়। পরে সিভাসু অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হয় ‘খাদ্য প্রদর্শনী’। সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ই-পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্স (প্রা.) লিমিটেডের পরিচালক মো: রুহুল আমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আনসেলম এল. মার্টিন। মূল প্রতিপাদ্যের ওপর প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ। বিজ্ঞপ্তি।

Advertisement