টেক্সাসের হবু গভর্নর
মুসলিম সংগঠনের ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার করবেন টেক্সাসের হবু গভর্নর। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থাকে পূর্বসূরি কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে দেওয়া তকমা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক গভর্নর জিনা হিনোজোসা।

Advertisement

শনিবার 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে হিনোজোসা এ কথা জানান। চলতি মাসের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনে তিনবারের গভর্নর গ্রেগ অ্যাবটকে সহজে পরাজিত করে প্রথম হিস্পানিক নারী হিসেবে এই দায়িত্বে আসা হিনোজোসা বলেন, 'কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস' (কায়ার)-কে কালোতালিকাভুক্ত করার নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন।

তিনি বলেন, ‘জননিরাপত্তার জন্য আমাদের জননিরাপত্তা ব্যবস্থারই ব্যবহার করতে হবে।’

আগামী জানুয়ারিতে গভর্নর হিসেবে শপথ নেবেন হিনোজোসা।

অস্টিনের স্থানীয় সংবাদমাধ্যম 'ফক্স সেভেন' জানিয়েছে, অঙ্গরাজ্যের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

'টেক্সাস ননপ্রফিট প্রোটেকশন নেটওয়ার্ক'-এর নির্বাহী পরিচালক স্যাম রবলস এক বিবৃতিতে বলেন, ‘গ্রেগ অ্যাবট মুসলিমদের প্রতি বিদ্বেষ উসকে দিতে এবং নিজ নিজ সম্প্রদায়ের অধিকার রক্ষাকারী সংগঠনগুলোকে ভয় দেখাতে তাঁর পদ ব্যবহার করেছেন। কায়ারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাবটের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এই তকমা দেওয়ার ঘটনাটি এমন এক অভিযানেরই ধারাবাহিকতা, যার মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের নাগরিক অংশগ্রহণ ও জনমত গঠনকে জননিরাপক্ষার জন্য হুমকি হিসেবে তুলে ধরা।’

এর ঠিক এক বছর আগে অ্যাবট ঘোষণা দিয়েছিলেন যে তিনি মুসলিম ব্রাদারহুড এবং কায়ার—উভয়কেই বিদেশি সন্ত্রাসী সংগঠন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করছেন।

এর ফলে টেক্সাসে এই দুটি সংগঠনের ‘জমি ক্রয় বা অধিগ্রহণ’ নিষিদ্ধ করা হয়েছিল।

এই ঘোষণার সুবাদে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল দলগুলোর বিরুদ্ধে সে অনুযায়ী মামলা করার আইনি সুযোগ পেয়েছিলেন।

সেই অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মার্কিন সেনেটের জন্য লড়েছিলেন। তবে চলতি মাসের শুরুর দিকে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জেমস তলারিকোর কাছে পরাজিত হন। এ সময় গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং স্টেট লেজিসলেচার—সব ক্ষেত্রেই অঙ্গরাজ্যের পুরোপুরি রাজনৈতিক কাঠামো রিপাবলিকানদের লাল দুর্গ থেকে ডেমোক্র্যাটদের নীল রঙে রূপান্তরিত হয়।

মুসলিম ব্রাদারহুড ও কায়ারবিরোধী মনোভাব প্রচারের পেছনে প্রধানত দায়ী ব্যক্তি সেনেটর টেড ক্রুজই একমাত্র রিপাবলিকান হিসেবে ক্ষমতায় টিকে আছেন।

টেডের মতে, ইসলামিক ধর্মীয় ঐতিহ্য, রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচির সমন্বয় ঘটার কারণে আরব বিশ্বের কিছু অংশে জনপ্রিয়তা ধরে রাখা মুসলিম ব্রাদারহুড হলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি।

বিশ শতকের বেশিরভাগ সময় মিশরে (যেখানে এই আন্দোলন শুরু হয়েছিল) এর সুনির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল না। টেড ক্রুজ বারবার হামাসের কথা উল্লেখ করেন, যাকে তিনি এই সংগঠনের একটি ‘শাখা’ হিসেবে অভিহিত করেন। গাজায় অবস্থিত হামাস ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

তবে হামাস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং ইসরাইলের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করে না।

'শরিয়া আইন'

অ্যাবের নির্বাহী আদেশে বিশেষভাবে কায়ারের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদের নাম উল্লেখ করা হয়েছিল। তার অতীতের কিছু মন্তব্যের কথা তুলে ধরে বলা হয় যে আমেরিকান মুসলিমরা ‘পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত’ এবং আগামী ১৫ বছরের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ‘৫০,০০০ মানুষের একটি বাহিনী থাকবে’ যারা ’[ইসলামের] ভাবমূর্তি তৈরি করবে, সত্য ও সংবাদ রক্ষা করবে [এবং] এদের অনেকেই জনপদে পাবলিক অফিসে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আইনপ্রণেতা হবেন।’

অ্যাবট জোর দিয়েছিলেন যে আওয়াদের উদ্দেশ্য হলো "শরিয়া আইন বাস্তবায়ন করা"। এর আগে আওয়াদ 'মিডল ইস্ট আই'-কে বলেছিলেন যে অ্যাবটের এই পদক্ষেপ ছিল নিছক একটি ‘রাজনৈতিক চমক বা স্টান্ট।’

কায়ার দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত থাকার অভিযোগের মুখে পড়ে আসছে, তবে সংগঠনটি বরাবরই দাবি করে আসছে যে তাদের বাজেটের সিংহভাগই আসে আমেরিকান জনসাধারণের (মুসলিম বা অন্য কেউ) অনুদান থেকে।

টেক্সাসে তাদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার সময় এক বিবৃতিতে সংগঠনটি বলেছিল যে তারা সবসময় সন্ত্রাসবাদ ও ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়ে এসেছে এবং অ্যাবটের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল ইসরাইলের সমালোচনা রোধ করা।

কায়ার বলেছিল, ‘গ্রেগ অ্যাবট হলেন ইসরাইল-ফার্স্ট নীতিতে বিশ্বাসী একজন রাজনীতিবিদ, যিনি মার্কিন সরকারের সমালোচক আমেরিকান মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে মাসের পর মাস ধরে মুসলিমবিরোধী উত্তেজনা উসকে দিয়েছেন।’

‘বানোয়াট ষড়যন্ত্র তত্ত্ব এবং মনগড়া উদ্ধৃতি ব্যবহার করে আরও একটি বিশিষ্ট আমেরিকান মুসলিম প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার মাধ্যমে মি. অ্যাবট আবারও প্রমাণ করেছেন যে তার প্রধান অগ্রাধিকার হলো টেক্সাসের জনগণের সেবা করা নয়, বরং মুসলিমবিরোধী গোঁড়ামি প্রচার করা। তার সাম্প্রতিক লোকদেখানো স্টান্টিংয়ের পেছনে কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই এবং এটি আমাদের নাগরিক অধিকারের কাজকেও থামিয়ে দিতে পারবে না।’

ব্যাপক দমনপীড়ন

এক সপ্তাহ আগে ফ্লোরিডার একটি আদালত সেখানে কায়ারের সন্ত্রাসী তকমা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর পর সংগঠনটি ফ্লোরিডায় তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল। অঙ্গরাজ্যের আইনসভা এবং গভর্নর এই তকমা দিয়েছিলেন।

ফ্লোরিডার উত্তর জেলার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেন সি উইনসর অলাভজনক গোষ্ঠীগুলোকে যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) ছাড়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার ফ্লোরিডার ‘নতুন—এবং সম্ভবত অভূতপূর্ব’ আইনটি স্বীকার করলেও শেষ পর্যন্ত বলেন যে, কায়ারের জরুরি আবেদনটি পর্যাপ্তভাবে প্রমাণ করতে পারেনি যে সংগঠনটি কোনো ফৌজদারি শাস্তির শিকার হচ্ছে।

তবে বিচারক উইনসর এ কথাও বলেছেন যে ফ্লোরিডার কর্মকর্তারা আইনি পরিষেবা পাওয়া থেকে কায়ারকে বিরত রাখতে পারবেন না। ফ্লোরিডার কর্মকর্তারাও কায়ারের বোর্ড, এর কর্মী বা তৃতীয় পক্ষের সহযোগীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কায়ার জানিয়েছে যে তারা এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

এক বিবৃতিতে কায়ারের জাতীয় উপ-পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল অঙ্গরাজ্যে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘গত বিশ বছরেরও বেশি এই প্রথম ফ্লোরিডার মুসলিমরা কোনো ঘৃণা অপরাধের শিকার হলে—তা মসজিদে হামলা হোক, কর্মক্ষেত্রে অবৈধ বৈষম্য হোক, স্কুলে হিংসাত্মক বুলিং হোক কিংবা অন্য কোনো কুসংস্কারমূলক আচরণ হোক—তাদের সম্প্রদায়ের প্রধান নাগরিক অধিকার সংস্থার কাছে সাহায্যের জন্য কল করতে পারছেন না।’

সূত্র : মিডল ইস্ট আই