হরমুজে অস্থিরতার মধ্যেই ইরাকের তেল সরবরাহ বেড়ে ২৭ লাখ ব্যারেল

 আলজাজিরা
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ঘিরে তীব্র আঞ্চলিক সঙ্কট এবং নৌপথে চলাচল বিঘিœত হওয়ার পরও ইরাকের অপরিশোধিত তেল রফতানি এক লাফে দৈনিক ২৭ লাখ ব্যারেলে গিয়ে পৌঁছেছে। দেশটির জাতীয় তেল মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে দেয়া এক বিশেষ বক্তব্যে তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি জানান, বিশ্বজুড়ে বিরাজমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক বাজারে নিজেদের সরবরাহ সচল রাখার পাশাপাশি তেল রফতানি বৃদ্ধি করতে বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে। পুরো প্রক্রিয়াটি সরাসরি তদারকি করছেন দেশটির তেলমন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে আল-রিকাবি উল্লেখ করেন, গত মে মাসে যেখানে ইরাকের দৈনিক তেল রফতানির পরিমাণ ছিল মাত্র দুই লাখ ব্যারেলের কাছাকাছি, সেখান থেকে পরিস্থিতির অসামান্য উন্নতি ঘটিয়ে বর্তমানে তা প্রতিদিন গড়ে প্রায় ২৭ লাখ ব্যারেলে রূপ নিয়েছে। তিনি আরো জানান, তেল রফতানির এই ঊর্ধ্বমুখী গতি বজায় রাখার লক্ষ্যে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিদ্যমান পরিবহন রুটগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisement