
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের অরুনাচল প্রদেশের সিয়াং উপত্যকায় ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সুবিশাল জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘিরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মাঝে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ দানা বেঁধেছে। প্রকল্পটির প্রাথমিক সমীক্ষা ও খননকাজের জন্য উগেং-কমকার এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলে উত্তেজনা আরো চরমে পৌঁছায়।
গত মঙ্গলবার এই আন্দোলনের জেরে চারজন বিক্ষোভকারীকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে গ্রেফতার করে পুলিশ। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আপার সিয়াংয়ের গেকু এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সিয়াং আদিবাসী কৃষক ফোরামের (এসআইএফএফ) যুব শাখা সরকারের সাথে সব ধরনের আলোচনা বর্জনের ঘোষণা দিয়েছে। এলাকার আদিবাসীদের দীর্ঘদিনের আশঙ্কা, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তাদের ভিটেমাটি জলের তলায় তলিয়ে যাবে, চিরতরে সংকুচিত হবে জীবিকার পথ এবং হাতছাড়া হবে পৈতৃক সম্পত্তি। এর মধ্যে রাজ্য সরকারের কঠোর অবস্থান ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন জনমনে ভীতি ও ক্ষোভ আরো বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী পেমা খানডু এলাকা সফর করলেও বিক্ষোভের মুখে পড়েন। কোথাও কোথাও স্থানীয় বিধায়কের বাসভবনে হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরবর্তীতে ৪ অক্টোবর নতুন করে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এ দিকে চীন সীমান্তঘেঁষা এই সংবেদনশীল অঞ্চলের গুরুত্ব অনুধাবন করে গত বুধবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজেজু বিক্ষুব্ধ আদিবাসী নেতাদের সাথে বসে আলোচনার আহ্বান জানান। তিনি মন্তব্য করেন, পারস্পরিক সংলাপের মাধ্যমেই কেবল এই জটিলতার সমাধান সম্ভব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








