রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আসন্ন রমজানে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, সংরক্ষণ সক্ষমতা বাড়ানো ও অপচয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন। পরে তিনি দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন এবং হালিশহর সিএসডির সম্মেলনকক্ষ উদ্বোধন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা ও সময়মতো সরবরাহ জরুরি। পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় এ সময়ে সরবরাহে সঙ্কট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির চাপ মোকাবেলায় বাজারে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে।
চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন প্রসঙ্গে আফরোজা খানম বলেন, অবকাঠামোর কার্যকারিতা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা পর্যালোচনা করা হয়েছে। 
পরিদর্শনকালে খাদ্য অধিদফতরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement