গৌরীপুরে শতবর্ষী ঝলমল সিনেমা হলে ভয়াবহ আগুন

 ময়মনসিংহ অফিস

Advertisement

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কেন্দ্রস্থলে শতবর্ষী ঐতিহাসিক ঝলমল সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঝলমল সিনেমা হল ও ঐতিহাসিক কাঠের নাট্যমঞ্চের বড় অংশ পুড়ে যায়। পাশাপাশি ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরনো কাপড়ের দোকান ও এলপিজি সিলিন্ডারের গুদামসহ আশপাশের ১৫-২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ময়মনসিংহ ও স্থানীয় চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় ইতিহাস ও প্রবীণদের ভাষ্য অনুযায়ী, বিংশ শতাব্দীর ত্রিশের দশকে গৌরীপুর রাজবাড়ীর বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী শোল কাঠ দিয়ে নাট্যমঞ্চটি নির্মাণ করেন। পরে এটি সিনেমা হলে রূপ নেয়। ‘গিরি’ ও ‘প্রতিমা’ সিনেমা হল নামে পরিচিতির পর সর্বশেষ ‘ঝলমল’ নামে পরিচিতি পায় স্থাপনাটি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানান, অগ্নিকাণ্ডের কারণসহ বিষয়টির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থাপনাটি আগে লিজে ছিল এবং প্রশাসনের সাথে দীর্ঘদিন কোনো সমন্বয় না থাকায় লিজধারীকে নোটিশ দেয়া হয়েছিল।