দায়িত্ব নেয়ার আগেই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

 রাজশাহী ব্যুরো
দায়িত্ব নেয়ার আগেই রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ অ্যাডভোকেট জয়নাল আবেদিন জুয়েলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোট গ্রহণের ঘটনায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জয়নাল আবেদিনের দাবি, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সুযোগ নেই। আইনে নির্ধারিত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা অযোগ্যতা না থাকলেও তার বিরুদ্ধে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গতকাল বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জয়নাল আবেদিন। সেই সাথে তার বিরুদ্ধে নেয়া অনাস্থা কার্যক্রম বাতিল করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ আইনের ৩৯ ধারার (১) উপধারায় চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনাস্থা প্রস্তাবের বিধান রয়েছে। অর্থ আত্মসাৎ, দুর্নীতি, নৈতিক স্খলন ও অনিয়মসহ আইনে উল্লেখিত কারণের ভিত্তিতে অনাস্থা আনার সুযোগ থাকলেও তার বিরুদ্ধে দেখানো কারণগুলো ওই বিধানের আওতায় পড়ে না। প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে তাকে দায়িত্ব দেয়ার বিরোধিতা এবং তিনি আইনজীবী- এ বিষয়ও অনাস্থার আবেদনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জয়নাল আবেদিন জানান, অনাস্থা প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এর  প্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে দেয়া শোকজ নোটিশসহ পরবর্তী কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেন।

Advertisement