
নয়া দিগন্ত ডেস্ক
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
এসএসসি পরীক্ষার ফল নিয়ে তিনি বলেন, এ বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাতা মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগপত্র নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় কাজ করছে। নিয়োগপত্র ইস্যুর আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে।
এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও রকিবুল ইসলাম বকুল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









