শিগগিরই উত্তরপ্রদেশকে ৪ ভাগ করা হবে

 নয়া দিগন্ত ডেস্ক 

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি খুব শিগগিরই চার ভাগে বিভক্ত হবে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভর। এ ছাড়া আলাদা পূর্বাঞ্চল রাজ্য গঠিত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভর সম্প্রদায়ের সন্তান হবেন বলেও মন্তব্য করেছেন তিনি। 
সম্প্রতি আম্বেদকর নগর জেলায় এক জনসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে নিজের ‘কথোপকথন’-এর কথা উল্লেখ করেন রাজভর। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তাকে ‘আশ্বস্ত’ করেছেন যে জাতিভিত্তিক জাতিগত শুমারি শেষ হওয়ার পরই রাজ্য বিভক্তির বিষয়টি নিয়ে কাজ হতে পারে। 
রাজভর বলেন, জাতিগত শুমারি সম্পন্ন হওয়ার পর রাজ্য বিভাজনে কোনো সমস্যা থাকবে না। জনগণনার পরই আমরা রাজ্য ভাগ করব। দেশের প্রধানমন্ত্রী এই কথা বলেছেন।
প্রস্তাবিত চার অংশের কথা উল্লেখ করে তিনি বলেন, যখন রাজ্যের বিভাজন হবে, তখন পূর্বাঞ্চল, মায়ান্যাঞ্চল (মধ্যাঞ্চল), বুন্দেলখ- এবং হাড়িত প্রদেশ গঠিত হবে। পূর্বাঞ্চলে রাজভর জাতির ভোট সবচেয়ে বেশি। এই কারণে পূর্বাঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী একজন রাজভর হবেন। 
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ওম প্রকাশ রাজভরের এই দাবি অতীতে বহুবার ওঠা উত্তর প্রদেশ বিভাজনের বিতর্ককে পুনরায় উসকে দিয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে ৪০৩ আসনের উত্তর প্রদেশ মূলত পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখন্ড ও পূর্বাঞ্চল- এই চার ভাগে বিভক্ত। রাজ্য সদর দফতর থেকে দূরত্ব এবং আঞ্চলিক নানা সমস্যার কথা উল্লেখ করে এর আগেও বিভিন্ন আঞ্চলিক দল বুন্দেলখন্ড ও পূর্বাঞ্চলকে আলাদা রাজ্য করার দাবি জানিয়ে প্রচারণা চালিয়ে আসছে। এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিল মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সরকার। ২০১১ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় রাজ্যটিকে চার ভাগে বিভক্ত করার একটি প্রস্তাব পাস করা হয়েছিল, তবে তা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায়নি।