জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)
জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দফতরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

পূর্ণাঙ্গ কমিটিতে শীর্ষ নেতাদের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং ড. মারুফ মল্লিকসহ আরো পাঁচজন উপদেষ্টা রয়েছেন।

১০৪ সদস্যের এই কমিটিতে সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফেল কবির। এতে সহ-সভাপতি পদে প্রকৌশলী রূপম রাজ্জাক, সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো: মামুন অর রশীদ, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ফুয়াদ হাসান দায়িত্ব পেয়েছেন। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের রিয়েল ও দফতর সম্পাদক পদে মো: মিজানুর রহমান মুন দায়িত্ব পেয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে এই কমিটি গঠন করা হয়েছে।

এতে বলা হয়, দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ প্রযুক্তিবিদদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি ফোরামের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে। পাশাপাশি সদস্যদের যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে এটি কাজ করবে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দফতর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনআইসিটিএফ-এর প্রথম কমিটি অনুমোদন দেয়। টেলিযোগাযোগ ও আইসিটি খাতের জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের সুপারিশে সেই কমিটি গঠিত হয়। তখন গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্তির নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনআইসিটিএফ একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে এগিয়ে যাবে। দলটি বিএনপির ভিশনের সাথে মিল রেখে দেশের আইসিটি পলিসি, ডিজিটাল গভর্নেন্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের বিকাশ এবং ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিতে কাজ করবে। বাসস