ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে মারধরের অভিযোগে গৃহবধূ আটক
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ অভিযুক্ত গৃহবধূকে আটক করে। ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে আরজিনা বেগম (৬২) নামে শাশুড়িকে মারধর করে মারত্মক আহত করার অভিযোগ ওঠেছে লিমা আক্তার (২১) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারবাড়িতে এ ঘটনা ঘটে।

আটক গৃহবধূর ওই গ্রামের আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আরজিনা বেগমের সঙ্গে তার পুত্রবধূ লিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমা তার শাশুড়িকে মারধর করে। এতে আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মারধরের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

ভিডিওটি নজরে আসার পর ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত লিমা আক্তারকে আটক করে। একই সাথে অচেতন অবস্থায় আরজিনা বেগমকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে শাশুড়িকে মারধরের ভিডিও দেখার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত গৃহবধূকে আটক করে। আহত শাশুড়িকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’