পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দফতর কার্যক্রম

গাজীপুর জেলা প্রতিনিধি
দাফতরিক কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম পেপারলেস করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এই পেপারলেস করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পুরনো নথি আর্কাইভে নেয়ার পাশাপাশি ডি-নথির ব্যবহার আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিসি। মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের আয়োজনে Enhance Technical and Administrative Skills for National University Officials শীর্ষক এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮৩ জন কর্মকর্তাকে সনদ প্রদান করা হয়।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পেপারলেস হচ্ছে। ডি-নথিতে যারা মাস্টার ট্রেনার আছেন, তাদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। পুরনো নথিগুলো আর্কাইভে নিয়ে যাব। এ ধরনের প্রশিক্ষণ চলতে থাকবে।’
তিনি বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজেও পরিবর্তন আনতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ্ ও ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসেন। প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন ভিসি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন (ভারপপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তারা।