
দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আটক দু’ব্যাক্তিকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে তাদের জেল হাজতে নেয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুর শহরের দপ্তরীপাড়া এলাকার মরহুম আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: রতন (২০)।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে হারুনের কাছে থাকা লাল রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
উল্লেখ্য হারুনের বিরুদ্বে দিনাজপুর কোতয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।








