
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান তথ্য কমিশন বাংলাদেশ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বেলা ৩টায় তিনি কমিশন কার্যালয় পরিদর্শন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় তথ্য কমিশনের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক এ উপদেষ্টা।
পাশাপাশি তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন ও কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন কমিশনের বর্তমান অবস্থা, কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
মতবিনিময়কালে তথ্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চা জোরদার, জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
তথ্য কমিশনের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
এ লক্ষ্যে কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেন ডা: জাহেদ।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








