আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম অধিনায়ক সম্মেলন
আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম অধিনায়ক সম্মেলন। নয়া দিগন্ত

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী ও আর্টিলারি সেন্টার এবং স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। একইসাথে রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় সেনাপ্রধান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতাযুদ্ধে আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন।

বার্ষিক অধিনায়ক সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান পেশাগত উৎকর্ষ বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন এবং আর্টিলারি রেজিমেন্টের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ উপলক্ষে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাকে কর্নেল কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা, আর্টিলারি রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।