পরীমনি, পরীমনির জামিন, পরীমনির বিরুদ্ধে অভিযোগ, আদালতে পরীমনি, সাংবাদিককে গালাগাল, নাসির উদ্দিন মাহমুদ, হত্যাচেষ্টা মামলা, পরীমনির গ্রেফতারি পরোয়ানা
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে গালি দিতে দেখা যায় পরীমনিকে। সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন নেয়ার পর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে গালাগাল করার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ সময় তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

Advertisement

বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।

এর আগে, বুধবার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছান পরীমনি। আদালত প্রাঙ্গণে এসে তিনি গাড়ির ভেতরেই বসে ছিলেন।

পরে পৌনে ১২টার দিকে এজলাসের দিকে রওনা হন তিনি। এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখেন। তখন উপস্থিত সাংবাদিকদের সাথে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, লিফটে ওঠার সময় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন পরীমনি। পরে ওই সাংবাদিক ফোনটি ছিনিয়ে নেন।

এরপর শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা ওই বিচারপ্রার্থীর এক স্বজন গণমাধ্যমের কাছে এ দাবি করেন।

পরে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে ওই সাংবাদিকের সাথে পরীমনির বাকবিতণ্ডা হয়। পরীমনির দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। এরপর তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন বলে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়। তবে ওই সাংবাদিক বারবার দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি।

এদিকে, আদালতে উপস্থিত আরো কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন, বৃহস্পতিবার পরীমনির নিরাপত্তারক্ষীরা তাদেরও ধাক্কা দিয়েছেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় পরীমনির জামিন বাতিল করে আগের দিন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। সূত্র : বিবিসি