মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পোশাক শ্রমিক আন্দোলন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, মিরপুর-১১ মেট্রোরেল, মেট্রোরেল স্টেশন বন্ধ, শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, এমআরটি পুলিশ, মিরপুরে শ্রমিক বিক্ষোভ
পোশাক শ্রমিকদের বিক্ষোভ। সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

Advertisement

মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শ্রমিকেরা।

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।