
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এ সময় বিমানবাহিনী প্রধান জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন বিমানবাহিনী প্রধান।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, ডিআর কঙ্গোতে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ সদস্যের একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট বর্তমানে দায়িত্ব পালন করছে। তাদের স্থলাভিষিক্ত হবে Utility Aviation Unit-23।
নতুন এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
এর আগে, ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশে রওনা হবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








