বিআরটিএ, মোটরসাইকেলের নম্বরপ্লেট, সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট, ম্যানুয়াল নম্বরপ্লেট, সড়ক পরিবহন আইন ২০১৮, সড়ক পরিবহন বিধিমালা ২০২২, মোটরসাইকেলের নিবন্ধন নম্বর
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংগৃহীত

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Advertisement

সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো শোভা বর্ধন বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বর উল্লেখ করেছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।