
মুন্সীগঞ্জের শ্রীনগরে দাদার সাথে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে ও আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে পুরাতন বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা ডাকতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শাহরিয়ার বলেন, ‘শিশু দুজন হাসপাতালে নিয়ে আসার পরে ইসিজিসহ সকল ধরনের পরীক্ষা করে দেখি হাসপাতালে আসার আগেই তারা মারা গেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









