
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ লাইনসে ‘সাইবার পুলিশ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘঠিত এসব নতুন অপরাধ দমনে দেশের আটটি বিভাগে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অপরাধীদের দ্রুত বিচার ও বিচারপ্রার্থীদের চাওয়া পূরণে এসব ল্যাব সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে দেশে অপরাধের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, সহিংসতায় উসকানি, ডিজিটাল ব্ল্যাকমেইলসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
সাইবার স্পেস ব্যবহার করে সংঘঠিত অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গেলে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়, এটি নতুন কিছু নয়। অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। তবে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর মতো কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








