মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী। সংগৃহীত

দেশে ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের মতো এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬’ পালিত হবে।

Advertisement

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট নয়টি জেলায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশী-বিদেশী সকল প্রকার মৎস্যযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ ও বিদেশী মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করবে। অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানগুলোর ওপর কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশের সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদের সুরক্ষার লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বশীলতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।