স্পিকার, মাছ
জাতীয় সংসদ লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নয়া দিগন্ত

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। তিনি বলেন, দেশের আনাচে-কানাচে মৎস্য চাষ বাড়ানোর পাশাপাশি সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। 

বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।

স্পিকার বলেন, ‘সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের মানুষ মৎস্য সম্পদ উৎপাদনে আরো আগ্রহী হবেন। মাছের উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও গোশতের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন।’ দেশের সর্বত্র মৎস্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ এবং ‘মাছে-ভাতে বাঙালি’—এ লক্ষ্য বাস্তবায়নে দেশের আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বাড়ানো এবং জনগণকে এ খাতে আরো সম্পৃক্ত করার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।