ইসি সচিব
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে স্পিকারের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আগেই জানিয়েছে। তবে স্পিকারের কাছ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি। স্পিকারের চিঠি ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি কোনো দায়িত্ব নেই।

তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে চিঠি পাওয়ার বিধান রয়েছে। চিঠি পেলেই সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, কমিশন সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তী কমিশন সভার তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার এই সভার দিনক্ষণ ঠিক করবেন।

এ সময় ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরিবর্তনের কথাও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মীদের লেমিনেটেড কার্ডের বদলে প্রধান কার্যালয়ের মতো প্লাস্টিক কার্ড দেয়া হবে। রাজস্ব, উন্নয়ন, আউটসোর্স কিংবা দৈনিকভিত্তিক- সব ক্যাটাগরির জন্যই এই নতুন কার্ড প্রযোজ্য হবে।

সূত্র : বাসস