
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গ্রামীণ অর্থনীতিতে নতুন করে গতিশীলতা আনার কাজ করছে।
তিনি বলেন, ‘কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (পরীক্ষামূলক ত্রাণ), জিআর (সাধারণ ত্রাণ), ভিজিএফ (অতি দরিদ্র/দুস্থদের খাদ্য সহায়তা) এবং খাল খননের মতো কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের কাছে আর্থিক প্রবাহ পৌঁছে দেয়া হচ্ছে।’
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সম্মেলন-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারগুলোর একটি। এ কর্মসূচি শুষ্ক মৌসুমে চাষাবাদ এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করে গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
তিনি আরো বলেন, এ কর্মসূচির মাধ্যমে খালে মাছ চাষ এবং নদীর তীরজুড়ে বৃক্ষরোপণেরও সুযোগ সৃষ্টি হবে।
এ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৯ নভেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দ যাতে ফেরত না যায় এবং সরকারি অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ডিআরআরও ও পিআইওরা অংশগ্রহণ করেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








