
কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের আবেদন সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এবারের শিক্ষাবর্ষে গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলোতে মোট তিন হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান ও ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর পাঠ্যক্রমে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকা আবশ্যক এবং এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট acas.edu.bd-এর মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আগামী ২ জানুয়ারি (শনিবার) ২০২৭ অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার ওই পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ ও গণিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর যোগ করে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









