
মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে, বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালতের জুরি বোর্ড।
এদিকে, এ রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটি।
চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির ঝুঁকি রয়েছে- এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে হুয়াওয়েকে লক্ষ্যবস্তু করে আসছে।
এর আগে নতুন পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার না করতে বিভিন্ন দেশকে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তিন মাসের বিচার শেষে এ রায় দেয়া হয়। মার্কিন বিচার বিভাগ জানায়, হুয়াওয়ের বিরুদ্ধে আনা ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ১০টিতে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করেছেন জুরিরা। এসব অভিযোগের মধ্যে রয়েছে ব্যাংক জালিয়াতি, বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণার ষড়যন্ত্র।
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়। কয়েক দশক ধরে হুয়াওয়ে ও এর তিনটি সহযোগী প্রতিষ্ঠান মিথ্যা ও চুরির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করেছে।’
‘প্রয়োজনীয় আইনি পদক্ষেপ’
জুরিরা হুয়াওয়েকে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং বিচারকাজে বাধা দেয়ার অভিযোগ থেকে খালাস দিয়েছেন।
এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি বলেছে, এ রায় প্রমাণ করে অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। গত আট বছর ধরে প্রতিষ্ঠানটি যে অবস্থান জানিয়ে আসছে, এ রায় তারই সত্যতা প্রতিষ্ঠা করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, সরকারের পক্ষ থেকে আনা বাকি অভিযোগগুলোরও কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই। সংশ্লিষ্ট রায়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করব এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেব।’
অভিযোগগুলোর একটি অংশের সাথে ইরান সরকারের সাথে হুয়াওয়ের ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক রয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানায়, ‘ইরানে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমের প্রকৃতি নিয়ে বারবার মিথ্যা বলেছে হুয়াওয়ে। তারা ব্যাংক, সাংবাদিক ও মার্কিন সরকারকে ভুল তথ্য দিয়ে বলেছে, ইরান সরকার, সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে তারা কোনো সহায়তা দেয়নি।’
বিচার বিভাগ আরো জানায়, ‘যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ পেতে এবং মার্কিন ডলারে লেনদেন নিষ্পত্তির সেবা ব্যবহারের সুযোগ পেতে ইরানে নিজেদের কার্যক্রম সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিল হুয়াওয়ে। এসব সুবিধার কারণে টেলিযোগাযোগ সেবার বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়।’
এছাড়া যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর কর্মীদের নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগের চেষ্টা এবং তাদের কাছ থেকে প্রযুক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে হুয়াওয়ের বিরুদ্ধে।
মূল অভিযোগপত্রে বলা হয়, এসব তথ্যের মাধ্যমে হুয়াওয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর অনুরূপ পণ্য তৈরি করে কম দামে বিক্রি করতে সক্ষম হয়।
মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘চুরি করা মেধাস্বত্বের মধ্যে ছিল বাণিজ্যিক গোপন তথ্য ও কপিরাইট সুরক্ষিত বিভিন্ন উপকরণ। এর মধ্যে রয়েছে ইন্টারনেট রাউটারের সোর্স কোড ও ব্যবহার নির্দেশিকা, অ্যান্টেনা প্রযুক্তি এবং রোবট পরীক্ষার প্রযুক্তি।’
প্রসিকিউটরদের অভিযোগ, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শিল্প-সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহে কর্মীদের উৎসাহিত করতে হুয়াওয়ে অভ্যন্তরীণ একটি কর্মসূচিও চালু করেছিল। এ কর্মসূচির আওতায় এসব তথ্য সংগ্রহ করতে পারলে কর্মীদের বোনাস দেয়া হতো।
মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল টাইসেন এ দুয়া এক বিবৃতিতে বলেন, ‘আজকের রায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে। অসাধু বিদেশী করপোরেশনগুলো মিথ্যা, প্রতারণা ও চুরির মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তার ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের সুরক্ষা দেবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করবে।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









