ড্রোন
ড্রোন। সংগৃহীত ছবি
ads

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে বলে বুধবার (২৫ নভেম্বর) দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, ড্রোনগুলো ধ্বংস করার সময় কিছু ধ্বংসাবশেষ নিচে পড়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এর আগের দিন রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ভবনে ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছিলেন।

আল-মালিকি এই হামলার জন্য ইয়েমেনের হাউছি গোষ্ঠীকে দায়ী করেছেন এবং কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।

জোটটি জানিয়েছে, তারা ইয়েমেনের আল-হুদাইদাহ বন্দরে হাউছিদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

হাউছি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে শত্রুতা ক্রমাগত বাড়ছে। এর অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হাউছিদের বিরুদ্ধে সহায়তা করে আসছে। হাউছি গোষ্ঠী ২০১৪ সালে রাজধানী সানা এবং ইয়েমেনের অন্যান্য অঞ্চল দখল করে নেয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি