
হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে উপসাগরীয় ছয়টি দেশকে সংযুক্ত করে ‘গালফ রেলওয়ে প্রকল্প’ করা হবে। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে ‘গালফ রেলওয়ে প্রকল্প’ বাস্তবায়নের প্রয়োজনীয়তা আরো বেড়েছে। এক হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রকে সংযুক্ত করবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে সামুদ্রিক নৌচলাচল ব্যাহত হয়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলো বিকল্প বাণিজ্য ও সরবরাহ রুট খোঁজার তৎপরতা বাড়িয়ে দিয়েছে।
২০৩০ সালের ডিসেম্বরে এই প্রকল্পের উদ্বোধন করা হবে। ইতোমধ্যে প্রক্ল্পটির ৫৫ দশমিক ৯২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
২০০৯ সালের ডিসেম্বরে জিসিসি সুপ্রিম কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং ২০২১ সালের ডিসেম্বরে গঠিত ‘গালফ রেলওয়ে অথরিটি’-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণে প্রায় এক হাজার ৫৪০ কোটি থেকে এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই রেল রুটের দৈর্ঘ্য সৌদি আরবে ৬৭২ কিলোমিটার, সংযুক্ত আরব আমিরাতে ৪৬১ কিলোমিটার, ওমানে ৩৩০ কিলোমিটার, কাতারে ১৪১ কিলোমিটার, কুয়েতে ১১১ কিলোমিটার এবং বাহরাইনে ৫৩ কিলোমিটার।
এই রেলপথে যাত্রীবাহী ট্রেনগুলো ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে এবং মালবাহী ট্রেনগুলো ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলাচল করবে।
বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতি বিশেষজ্ঞ নিহাদ ইসমাইল আনাদোলুকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান দ্বন্দ্ব নিরসনের ওপর এই প্রকল্পটির সম্পন্ন হওয়া নির্ভর করছে।
তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সমঝোতার পথে হাঁটে, ইরানি নেতাদের সাথে আলোচনা করে এবং ইরানকে আঞ্চলিক অবকাঠামো প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত করার উপায় খুঁজে বের করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









