
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে অবরোধ, ধর্মঘট ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘সরকারকে এখনো সময় দেয়া হচ্ছে। তবে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের জন্য ইতোমধ্যে লং মার্চ করেছি, মিছিল করেছি, এই ক্যাম্পাসেও মিছিল-মিটিং হচ্ছে। এখন আর একটা পথ বাকি আছে। অবরোধ কর্মসূচি করা, ধর্মঘট পালন করা, ঘেরাও কর্মসূচি করা, যেটা সরকার যদি আমাদের বাধ্য করে আমরা করব।’
সরকারকে সময় দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সরকার গঠিত হয়েছে, তাদেরকে সুবুদ্ধি উদয়ের জন্য সময় দিচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের কমিটমেন্ট তারাই দিয়েছিল ও ঐকমত্য কমিশনে তাদের প্রতিনিধি ছিল। ৩১টা বিষয়ে তারা পরস্পর একমত হয়েছে। গণভোটের প্রস্তাব সালাউদ্দিন সাহেব নিজেই দিয়েছেন। সুতরাং তারা নিজেদের সাথে যে মুনাফিকিগুলো করছে, এই মুনাফিকি থেকে ফেরত আসবে কি না, সে জন্য আমরা কিছু অপেক্ষা করছি।’
তিনি আরো বলেন, ‘যে ভাষায় কথা বললে, যে আচরণ করলে তারা লাইনে আসে, সেই আচরণের দিকে আমাদের বাধ্য করা হলে জনতাকে সাথে নিয়ে, ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা সেদিকেই যাব, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মু: মাহমুদুল হাসান ও আইআইইআর পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের নেতাকর্মী ও দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









