
হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। সোমবার ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে ড্রোন দুটি নামানো হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তুরস্কের বার্তা সংস্থা আনদুলু মঙ্গলবার (৩ নভেম্বর) জানায়, আইআরজিসির মহাকাশ বাহিনী এমকিউএম-১৭০ মডেলের ড্রোন দুটির বিরুদ্ধে ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে। এ নিয়ে একই ধরনের চারটি ড্রোন ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হচ্ছে।
তাসনিমের খবরে বলা হয়, এই অভিযানের ফলে ড্রোন দুটি তাদের নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারেনি। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহেও এ ধরনের দুটি ঘটনার কথা জানিয়েছিল ইরান। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, কেশম দ্বীপের আকাশে ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে একটি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসির মহাকাশ বাহিনী।
এর আগের দিন আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পশ্চিম অংশে একই মডেলের আরেকটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়েছে। তবে বৃহস্পতিবারের ওই ঘটনার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চলার মধ্যেই সর্বশেষ ড্রোন ভূপাতিত করার খবর এল।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ এখনো বার্তা আদান-প্রদান করছে। কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ এগিয়ে নিতে দেশটিতে সফর করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেও নিশ্চিত করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এর আগে ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারকে সই করে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে সেটি বাস্তবায়নের উদ্যোগ থমকে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








