ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের লাশ বহন করছেন জনগণ
ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের লাশ বহন করছেন জনগণ। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত তিন বছরে ২৬৩ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরাইল। গাজা সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে তিনি জানান, ইসরাইলি কারাগারে ৫০ জন সাংবাদিককে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ২৩ জন এখনো বন্দী অবস্থায় রয়েছেন।

থাওয়াবতা আরো বলেন, তিনজন সাংবাদিক এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন নিদাল সুহেইল আল-ওয়াহিদি, হাইথাম জামাল আব্দুল ওয়াহিদ এবং আহমাদ ইসাম আল-আঘা।

তিনি জানান, গত তিন বছরে ইসরাইলি হামলায় ১৬টি স্যাটেলাইট টেলিভিশন অফিস, ১১টি রেডিও স্টেশন, ১২টি সংবাদপত্র ও ম্যাগাজিন অফিস, ২৩টি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান, ২৭টি ছাপাখানা এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনের কার্যালয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তার হিসাব অনুযায়ী, কার্যালয়, যন্ত্রপাতি, সম্প্রচারকারী যানবাহন ও কারিগরি সরঞ্জামসহ গাজার গণমাধ্যম খাতের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি (এক বিলিয়ন) ডলার।

সূত্র : মিডল ইস্ট আই