ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির লাশের সামনে স্বজনরা
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির লাশের সামনে স্বজনরা। সংগৃহীত ছবি
ads

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মাধ্যমে এসব হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ শহরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে কোনো সতর্কবার্তা ছাড়াই পরপর দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে দু’জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

হামলার ফলে অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায় এবং সিভিল ডিফেন্স কর্মীরা সেখান থেকে দু’টি লাশ উদ্ধার করেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে, গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া দারাজ এলাকায় আরেকটি হামলায় আরো তিনজন নিহত হয়েছেন। 

আত-তোয়াম ও জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারের তাঁবুগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়।

খান ইউনিসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তাদের ওপরও হামলা চালিয়েছে ইসরাইল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার দুই কমান্ডার নিহত হয়েছেন। 

ইসরাইলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে মন্ত্রণালয়টি।

সূত্র : আলজাজিরা