
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একইসাথে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের একটি বিদ্যালয়ও যেন কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শিক্ষক ব্যবস্থাপনা, নৈতিক শিক্ষা, পাঠদান পদ্ধতি ও শিক্ষাখাতের উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
কমিটি মনে করে, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের শিক্ষামূলক ও গঠনমূলক কার্যক্রমের আওতায় আনা জরুরি। এক্ষেত্রে মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে।
প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষার প্রসারে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি) নির্ধারণের সুপারিশ করা হয়।
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগের হার বাড়ানো এবং শিক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।
শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। শ্রেণিকক্ষে পাঠদান এমনভাবে পরিচালনার পরামর্শ দেয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের পাঠ বুঝতে বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন না হয়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
এছাড়া প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য কার্যকর উপায় বের করতে বলা হয়েছে। শিক্ষক ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা কমানো এবং যোগ্য শিক্ষক নিশ্চিত করা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিটি।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর সংসদীয় কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়। এতে বাজেটের যথাযথ ব্যবহার ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা সম্ভব হবে।
বৈঠকে প্রথম সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট কর্মসূচি ও পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনা শেষে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো: সাদিক রিয়াজ, মো: ইলিয়াস মোল্লা, মো: মোক্তার আলী ও মাহফুজা হান্নান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









