বিমান
বিমান সংগৃহীত ছবি

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মুখে ইরাক ও ওমানগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইরান থেকে ইরাক ও ওমানে আর কোনো ফ্লাইট যাবে না।

এর আগে সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের এভিয়েশন খাতের ওপর আরো চাপ সৃষ্টির ঘোষণা দেন। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইরানি এয়ারলাইন্সকে জ্বালানি সরবরাহ করবে, ল্যান্ডিং বা অবতরণ সুবিধা দেবে কিংবা তাদের হয়ে টিকিট বিক্রি করবে, তাদের মার্কিন ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেয়া হতে পারে।

ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মজিদ আখাওয়ান জানিয়েছেন, ইরাকগামী ফ্লাইটগুলো অন্য একটি বিমানবন্দরের মাধ্যমে পরিচালনার জন্য ইরান কাজ করছে।

এদিকে আজারবাইজান এয়ারলাইন্স জানায়, প্রতিবেশী দেশ আজারবাইজানেও ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে।

সূত্র : আল জাজিরা