স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে
স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। সংগৃহীত

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তেজাবি (পাকা) স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশাভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

বাজুস আরো জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না।

এর আগে, গত ২ নভেম্বর সকালে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

ভ্যাটসহ ২২ ক্যারেট রূপা প্রতি ভরি তিন হাজার ৪৯৯ টাকায়, ২১ ক্যারেট তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট দুই হাজার ৯১৬ টাকায় ও সনাতন পদ্ধতির রূপা দুই হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। ইউএনবি