উজিরপুর মডেল থানা, বরিশাল
উজিরপুর মডেল থানা, বরিশাল। নয়া দিগন্ত
ads

বরিশালের উজিরপুরে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ ছিল কিশোর মহসিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় সড়কসংলগ্ন একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মহসিন মল্লিক বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো: নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর আর বাড়ি ফেরেনি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে বাবুর লাশ ভাসতে দেখেন তার মামা শাহিন মল্লিক। পরে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজের দুই দিন পর বাবুর লাশ উদ্ধার হলেও তার মৃত্যুর কারণ এখনো অজানা। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।