হাইকোর্ট
হাইকোর্ট। সংগৃহীত
ads

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতার মধ্যে নতুন করে গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে আগের নির্বাচন কমিশনকে আগের তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। 

গত ২৩ নভেম্বর (সোমবার) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১৩২৫৭/২০২৬-এর সম্পূরক আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।   

আদালতের আদেশে গত ২৭ অক্টোবর ২০২৬, জারি করা সংশ্লিষ্ট সার্কুলারের কার্যকারিতা ও পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ওই সার্কুলার এবং ৪ নভেম্বরের স্মারক কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আগের ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনকে সাচিবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন শেষ করার নির্দেশ কেন দেয়া হবে না—তা জানতে চেয়ে সম্পূরক রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।   

আদালত তার পর্যবেক্ষণে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন না করে কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন ও নতুন তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশকে ব্যর্থ করার একটি কৌশল বলে মনে হয়, যা আদালত প্রশ্রয় দেবে না। আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আগের কমিশনকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।   

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী ও আইনজীবী মো: সাদ্দাম হোসেন। বিডিআরসিএসের চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মো: জাকির হোসেন ও আইনজীবী মো: শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।