
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, মো: সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তিনি বলেন, ‘এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে।’
তিনি ব্যাংকের দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে আলোচনা করেন। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








